শাবি, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্রশিবিরের ধর্মঘটের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চূড়ান্ত পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।
তবে এ সময়ের মধ্যে সব ক্লাস ও দাপ্তরিক কাজ চলবে বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ইসফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
প্রক্টর হিমাদ্রি শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে জানান, ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রাখতে এ কমিটি বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবে বলে জানান তিনি।
ধর্মঘটের প্রতিবাদে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মিছিল-সমাবেশ থেকে শিবিরমুক্ত ক্যাম্পাস গড়ার ঘোষণা দেয় ছাত্রলীগ।
এছাড়া, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত শিক্ষার গণতান্ত্রিক অধিকার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিনের কাছে একটি স্মারকলিপি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২২৫ ঘ.
bdnews24