নরসিংদী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত মেয়র লোকমান হোসেনের উত্তরসূরির খোঁজে শান্তিপূর্ণ ভোট চলছে নরসিংদী পৌরসভায়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল ৮টায় সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়।
বিকাল ৪টা পর্যন্ত ৩১টি কেন্দ্রের ১৯৮টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে। মেয়র নির্বাচনে অংশ নেবেন ৭৭ হাজার ৫৮১ জন ভোটার।
শীতের সকালে শুরুতে কেন্দ্রগুলোতে উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে ভোটারদের সংখ্যা বাড়তে থাকে। সকাল ৯টার দিকে শালিধা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে অধীর আগ্রহে লাইনে অপেক্ষা করছেন পৌরবাসী নারী-পুরুষেরা।
গোটা পৌরসভায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) খ. মহিদ উদ্দিন বলেন, দিনের প্রথম ভাগে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে কোথাও কোনো বিশৃঙ্খলা তিনি দেখেননি। গোলোযোগের কোনো খবরও পাওয়া যায়নি।
রিটার্নিং কর্মকর্তা মু. আবদুল অদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ওয়েব ক্যামেরা বসানো হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে কেন্দ্রগুলোর পরিস্থিতি।
এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ২৪ জন পুলিশ সদস্যের সঙ্গে রয়েছে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য। এছাড়া প্রায় আড়াইশ’ র্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন। রয়েছেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান গত ১ নভেম্বর মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পৌর মেয়র পদটি শূন্য হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন লোকমান।
ওই পদে উপ নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে রয়েছেন লোকমানের ভাই কামরুজ্জামান কামরুলও, যিনি লোকমান হত্যামামলার বাদি। অন্যদিকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি মোস্তাজ উদ্দিন ভূঁইয়া, যিনি এই হত্যামামলারই আসামি।
নির্বাচনী প্রচারে কামরুজ্জামান যেমন লোকমান হত্যার বিচার দাবিতে ভোটারদের সহানুভূতি চেয়েছেন; তেমনি অন্যদিকে প্রচারে মোন্তাজের বক্তব্য ছিল, লোকমান হত্যামামলায় ষড়যন্ত্রমূলকভাবে তাকে জড়ানো হয়েছে।
লোকমানের ভাই কামরুজ্জামান কাপ পিরিচ প্রতীক নিয়ে লড়াইয়ে রয়েছেন। মোন্তাজের প্রতীক আনারস।
এছাড়া প্রার্থী রয়েছেন- আমজাদ হোসেন ভূঁইয়া (দেওয়াল ঘড়ি), হাজী আফজাল হোসেন মোল্লা (টেলিফোন), আরিফুল ইসলাম (চশমা) এবং মোসাব্বির আহমেদ নাসির (দোয়াত কলম)।
ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে আসা বিএনপি স্থানীয় সরকারের এই নির্বাচন বর্জন করছে।
কামরুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি লোকমান হত্যার সুষ্ঠু বিচার ও তার অসমাপ্ত কাজ শেষ করার দাবি নিয়ে ভোটারদের মধ্যে প্রচার চালিয়েছেন।
অন্যদিকে মামলার দুই নম্বর আসামি মোন্তাজ বলেন, মিথ্যা মামলায় ফাঁসিয়ে লোকমানের পরিবার তার বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালাচ্ছে, তাই ভোটারদের কাছে তুলে ধরেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/জেকে/১০৩৩ ঘ.
bdnews24