২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্থনৈতিকভাবে সচল করা হচ্ছে নদীপথকে’

মানিকগঞ্জের শিবালয়ের পুরাতন আরিচা ঘাটে যমুনা নদী খননে একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 07:13 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

মানিকগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা নদী খননে একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনটি নতুন ড্রেজারও উদ্বোধন করেন তিনি। বুধবার দুপুর ১টায় মানিকগঞ্জের শিবালয়ে পুরাতন আরিচা ঘাটে পাইলট ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার পর বঙ্গবন্ধু ৭টি ড্রেজার কিনে নদীমাতৃক বাংলাদেশের নদীর নাব্য ফিরিয়ে আনার কাজ শুরু করেন। বর্তমান সরকার সেই ধারাবাহিকতাতেই নদীপথকে অর্থনৈতিকভাবে সচল করার চেষ্টা করছে।” দেশের নদ-নদীগুলোর নাব্যতা ফেরাতে সরকারের মহাপরিকল্পনার আওতায় যমুনা নদীর ২০ কিলোমিটার এলাকায় এই ‘পাইলট ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে পানিসম্পদ মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মন্ত্রী রমেশ চন্দ্র সেন। অন্যদের মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্থানীয় সাংসদ এ বি এম আনোয়ারুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শেখ হাসিনা মানিকগঞ্জ সার্কিট হাউজে চলে যান। সেখানে জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। বেলা ১২টার কয়েক মিনিট আগে শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার আরিচা ঘাটে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই মানিকগঞ্জে তার প্রথম সফর। শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে মানিকগঞ্জে সৃষ্টি হয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনার। শহর সেজেছে বর্ণিল সাজে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে তোরণও বসানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/সিএস/জেকে/১৫০৫ ঘ.