চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানি ও ভাংচুরের দুই মামলায় এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালত ভাংচুর ও হামলার ঘটনায় কোতয়ালী থানায় দায়ের হওয় মামলায় মঙ্গলবার তার জামিনের মেয়াদ বাড়ায়। এছাড়া চট্টগ্রাম জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নুরুল ইসলামের আদালত মানহানির এক মামলায় তার জামিনের মেয়াদ বাড়ায়।
অলির আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি মামলায়ই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন অলি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মানহানি মামলায় জামিন চাইতে গিয়ে কর্নেল অলি গত বছরের ২৫ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে যুবলীগকর্মীদের হামলার শিকার হন।
এ ঘটনায় আফতাব মাহমুদ শিমুল কোতয়ালী থানায় একটি ভাংচুর ও হামলার মামলা করেন কর্নেল অলিসহ এলডিপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে। একই ঘটনায় অলি’র বিরুদ্ধে আরও একটি এবং এলডিপি’র পক্ষ থেকে আরেকটি মামলা হয়েছিল।
শিমুল গত বছরের ২০ নভেম্বর অলির বিরুদ্ধে একটি মানহানির মামলাও করেন।
অলির আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মামলায় অলি আহমদ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। মঙ্গলবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন।
তিনি জানান, আদালত আগামী ২৬ ফেব্র“য়ারি পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন। এছাড়া অন্য ১৬ আসামির জামিনও মঞ্জুর হয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চন্দনাইশ উপজেলা যুবলীগের আহবায়ক আবু আহাম্মদ জুনু গত ৮ ডিসেম্বর অলির বিরুদ্ধে আরেকটি মানহানি মামলা করেন।
আইনজীবী কফিল বলেন, এই মামলায়ও উচ্চ আদালত থেকে কর্নেল অলি জামিনে রয়েছেন। তবে এর মেয়াদ রয়েছে আর ১১ দিন। এই সময়ের মধ্যে অলি বিদেশে থাকবেন বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৪৬ ঘ.
bdnews24