ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপের নামে ‘নাটক’ করে সরকার একতরফাভাবে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সমানে এক অনশন কর্মসূচিতে তিনি বলেন, “সরকার ভিন্ন লেবাসে একদলীয় শাসন কায়েম করতে রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপ নাটক করেছে। এখন তারা একতরফা নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।”
“আমাদের স্পষ্ট বক্তব্য, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ছাড়া নির্বাচন কমিশন গঠন গ্রহণযোগ্য নয়”, যোগ করেন তিনি।
এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। তার আগেই নতুন কমিশন নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি ২৩টি দলের সঙ্গে সংলাপ করে মতামত নেন।
এরপর রাষ্ট্রপতি রোববার মন্ত্রিপরিষদের কাছে একটি প্রস্তাব পাঠান, যাতে নতুন নির্বাচন কমিশন গঠনে উচ্চতর আদালতের দুই বিচারক এবং তিন সাংবিধানিক সংস্থার প্রধানকে নিয়ে একটি সার্চ কমিটি করার কথা বলা হয়েছে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সরকার রাষ্ট্রপতিকে দিয়ে কৌশলে সংলাপ করেছে ভিন্ন উদ্দেশ্যে। রাষ্ট্রপতি পদকে তারা বির্তকিত করেছে।”
“সংলাপ করে সরকার জনগণকে বোঝাতে চেয়েছে যে, তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে। অথচ একরতফাভাবে নির্বাচন কমিশন গঠন করে ভিন্ন লেবাসে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্যে”, যোগ করেন মির্জা ফখরুল।
দেশের বর্তমান পরিস্থিতিকে ‘সংকটজনক’ উল্লেখ করে তিনি বলেন, “স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ বিপন্ন। গণতন্ত্র বলতে কিছু নেই। তারা বিরোধী দলকে ধ্বংস করতে দমন নির্যাতনের পথ বেছে নিয়েছে।”
বিরোধী দলীয় নেতাকে হয়রানি করতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দুর্নীতি দমন কমিশন সোমবার এ মামলায় অভিযোগপত্র দেওয়ার পর মঙ্গলবার বিচারিক আদালতে হাজির হয়ে উচ্চ আদালতের জামিন নামা জমা দেন খালেদা জিয়া।
সারাদেশে ‘সাংবাদিক নির্যাতন, হামলা ও মিডিয়া দলনের’ প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সকাল ১০টা থেকে ৬ ঘণ্টার এই প্রতীক অনশন কর্মসূচি পালন করা হয়।
পেশাজীবী পরিষদের সভাপতি ও আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকসহ বিএনপি সমর্থক পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, সাংবাদিক আতাউস সামাদ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, মহিলা সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসএম/জেকে/১৬৪০ ঘ.
bdnews24