ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেই জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন কারাপ্রধান মো. আশরাফুল ইসলাম খান।
সোমবার দুপুরে নিজের দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র পেলেই তাকে আমরা কারাগারে নিয়ে আসবো।”
“কোনো বন্দিকে হাসপাতালে রাখার যেমন কারা কর্তৃপক্ষের এখতিয়ার নেই তেমনি চিকিৎসাধীন কোন বন্দি রোগীকে হাসপাতাল থেকে নিয়ে আসারও সুযোগ নেই, এটা সম্পূর্ণ চিকিৎসকের ওপর নির্ভর করে”, যোগ করেন তিনি।
তিনি জানান, গোলাম আযমের ছেলে আব্দুল্লাহ আমান আযমির আবেদনের প্রেক্ষিতেই গোলাম আযমকে প্রথমে কারা চিকিৎসকদের দেখানো হয়। পরে তাদের সুপারিশে বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আটক ৮৯ বছর বয়সী গোলাম আযমকে বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আগামী ১৫ ফেব্র“য়ারি অভিযোগ গঠনের শুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হাসপাতালে রাখার প্রয়োজন নেই বিএসএমএমইউ কর্তৃপক্ষের এমন প্রতিবেদনের জবাবে কারা প্রধান জানান, সেটা ছাড়পত্র না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মজিদ ভূঁইয়া দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসার বিষয়ে ডেটলাইন দেওয়া যায়না। শরীরের ভালোমন্দ সময়ের সঙ্গে পরিবর্তন হয়। তার শরীরের আরো যে সব পরীক্ষা রয়েছে তার প্রতিবেদনের ওপর নির্ভর করছে হাসপাতালে থাকা না থাকা নিয়ে।”
“গোলাম আযম কারা কর্তৃপক্ষের কাছে আসামি কিন্তু আমাদের কাছে রোগী”, যোগ করেন তিনি।
তিনি জানান, দুপুরে গোলাম আযমের কোমরের এক্সরে করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে তার এমআরআই’ও করা হবে।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গোলাম আযম গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির হলে তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠায় আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর ওই দিনই চিকিৎকদের পরামর্শে তাকে হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা সাংবাদিকদের জানিয়েছিলেন, গোলাম আযমের মূত্রনালীর কিছু সমস্যা আছে, যা এই বয়সে হয়েই থাকে। তবে সার্বিকভাবে তিনি সুস্থ রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/আরএ/১৭০১ ঘ.
bdnews24