ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে কারাবন্দি গোলাম আযমকে আর হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই বলে মত দিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মজিদ ভূঁইয়া শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ সংক্রান্ত প্রতিবেদন কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেব।”
বর্তমানে এ হাসপাতালেরই প্রিজন সেলে রাখা হয়েছে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে, যার বিরুদ্ধে আগামী ১৫ ফেব্র“য়ারি অভিযোগ গঠনের শুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ১১ জানুয়ারি ট্র্যাইবুনাল তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর চিকিৎকদের পরামর্শে হাসপাতালে পাঠানো হয় গোলাম আযমকে।
ওইদিন তাৎক্ষণিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা সাংবাদিকদের জানিয়েছিলেন, ৮৯ বছর বয়সী গোলাম আযমের মূত্রনালীর কিছু সমস্যা আছে, যা এই বয়সে হয়েই থাকে। তবে সার্বিকভাবে তিনি সুস্থ রয়েছেন।
তারপরও ১২ জানুয়ারি মেডিসিন বিভাগের প্রধান এবিএম আব্দুল্লাহকে প্রধান করে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় গোলাম আযমের স্বাস্থ্য পরীক্ষার জন্য। বোর্ডের বাকি দুই সদস্য হলেন সজল কৃষ্ণ ব্যানার্জি এবং হাবিবুর রহমান দুলাল।
বোর্ডের তিন সদস্য গত দুই দিনে গোলাম আযমের স্বাস্থ্য পরীক্ষা করে একটি প্রতিবেদন তৈরি করেছেন। কারা কর্তৃপক্ষকে যে কোনো সময় ওই প্রতিবেদন জমা দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া জানান, “গোলাম আযমকে হাসপাতালে রেখে চিকিৎসার আর প্রয়োজন নেই বলে চিকিৎসকরা মতামত দিয়েছেন।”
এ ব্যাপারে এবিএম আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ছুটির দিন হওয়ায় রোববার প্রতিবেদন কারাগারে পাঠানো হতে পারে।
গোলাম আযমের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে আব্দুল্লাহ জানান, তার পিত্তথলিতে পাথর আছে। এছাড়া রক্তচাপ একটু বেশি হলেও তা নিয়ন্ত্রণেই আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24