২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ইউনিয়নের সম্মেলন

নতুন কমিটি এবং যুব আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করার লক্ষ্য নিয়ে দুদিনের সম্মেলন শুরু করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 03:41 PM

Updated : 02 Dec 2022, 09:22 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কমিটি এবং যুব আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করার লক্ষ্য নিয়ে দুদিনের সম্মেলন শুরু করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। শুক্রবার সকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে (বশির মিলনায়তন) সম্মেলন উদ্বোধন করেন শ্রমিক নেতা জসিম উদ্দিন মণ্ডল। এরপর নগরীতে একটি শোভাযাত্রা বের হয়। বিকালে নাট্যমঞ্চে এক আলোচনা সভায় অংশ নেন সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সাংবাদিক কামাল লোহানী। সরকারের সমালোচনা করে সন্তু লারমা বলেন, রাষ্ট্রকে এখন পৈত্রিক সম্পত্তির মতো নিয়ন্ত্রণ করা হচ্ছে। নির্বাচনী ওয়াদায় মৌলিক অধিকারের কথা বলা হলেও সরকার সব ভঙ্গ করেছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়ে পাহাড়ি এই নেতা বলেন, “পার্বত্য অঞ্চলে আমরা এখনো আন্দোলন করছি এবং আন্দোলন ছাড়া কিছু অর্জন হবেও না।” গুম, গুপ্তহত্যা নিয়েও সমালোচনা করেন তিনি। সিপিবি সভাপতি শোষণ বঞ্চনার বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। যুব ইউনিয়নের সভাপতি কাফি রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান সোহেল, নবম জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক তারিক হোসেন মিঠুল। উদ্বোধনী অনুষ্ঠানে জসিম মণ্ডল ব্যক্তি জীবনের ক্ষুদ্র লোভ-লালসা, স্বার্থ ত্যাগ করে সমাজ পরিবর্তনের আদর্শে অনুপ্রাণিত হতে যুবসমাজের প্রতি আহ্বান জানান। সম্মেলনের আলোচনা পর্বের পর রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন শুরু হয়, যা চলবে শনিবার পর্যন্ত। যুব ইউনিয়ন নেতারা জানান, সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ছয় শতাধিক প্রতিনিধি-পর্যবেক্ষক সংগঠনের আগামী দিনের কর্মসূচি ও নেতৃত্ব নির্বাচন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/২১৪০ ঘ.