মজুরি আন্দোলনের মধ্যে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৮
গ্রেপ্তারদের নাম-পরিচয় জানা যায়নি।
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে এক পুলিশ সদস্যকে মারধর ও আহত করার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন।
তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় বলেন তিনি।
গত ৩ নভেম্বর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
হামলার একটি ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। কয়েকজন আবার হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন।
ঘটনার দিন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের মিরপুর ১১ এলাকা থেকে সরিয়ে দেওয়ার পর কালশীর দিকে যাওয়ার সময় দলছুট অবস্থায় ওই পুলিশ সদস্য হামলার শিকার হন। আহত ওই সদস্য একজন কনস্টেবল।
ঘটনার পর সাইমন নামের ওই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়।
সেদিন মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে মিরপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে।
