ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় দ্বাদশ সাক্ষী পিরোজপুরের সংসদ সদস্য একেএম আব্দুল আওয়ালকে জেরা শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।
মঙ্গলবার ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর আওয়ালকে জেরা শুরু করেন সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম। আগের দিন সাক্ষী তার বক্তব্যের একটি অংশ সংশোধন করতে চাওয়ায় আদালতে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো তার চেয়ে অনেক শান্তভাবে এদিনের জেরা শুরু করেন মিজানুল।
মিজানুলের পর মোহাম্মেদ কফিল উদ্দিন চৌধুরী ও মঞ্জুর আহমেদ আনসারী সাক্ষীকে জেরা করেন। অবশ্য জেরায় প্রশ্ন করার ক্ষেত্রে আসামিপক্ষের আইনজীবীদের আগের মতো অবাধ সুযোগ দেননি বিচারপতিরা।
বিচারপতি জহির আহমেদ বেশ কয়েকবার আইনজীবীদের কাছে জানতে চান যে প্রশ্ন করা হয়েছে তা এ মামলার সঙ্গে প্রাসঙ্গিক কি না।
মধ্যাহ্ন বিরতির পরপরই বিচারপতি আহমেদ বলেন, “এই পয়েন্টে হস্তক্ষেপ না করে আমি পারছি না।”
মিজানুল ইসলাম সাক্ষীর কাছে জানতে চান যুদ্ধাপরাধের অভিযোগে তিনি কারো বিরুদ্ধে কোথাও কোনো মামলার পদক্ষেপ নিয়েছেন কি না।
তখন জহির আমেদ বলেন, “নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রয়েছে। তাহলে এই সাধারণ প্রশ্নের পয়েন্ট কী?”
এরপর মিজানুল সাক্ষীর কাছে জানতে চান তিনি সাঈদীর বিরুদ্ধে কোনো মামলা করার উদ্যোগ নিয়েছেন কি না। এর উত্তরে সাংসদ আওয়াল জানান, এ ধরনের কোনো উদ্যোগ তিনি নেননি।
জেরার এক পর্যায়ে কফিল উদ্দিন চৌধুরী দাবি করেন, সাক্ষী আওয়াল মুক্তিযুদ্ধে কোনো ক্যাম্পের নেতৃত্বে ছিলেন না। এ সময় কয়েকজন কমান্ডারের নামও তুলে ধরেন তিনি।
কফিলের এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন পিরোজপুরের সাংসদ। তখন আইনজীবীকে থামাতে আদালতের সহায়তা চেয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে কেউ প্রশ্ন করলে তিনি তা সহ্য করবেন না।
আগের দিন ট্রাইব্যুনালকে সাক্ষী বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের প্রথমভাগে সুন্দরবনে মুক্তিবাহিনীর অস্থায়ী ক্যাম্পের দায়িত্বে ছিলেন। মূলত সে সময় পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সাঈদীর রাজাকার বাহিনীর বিভিন্ন যুদ্ধাপরাধের তথ্য ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেন তিনি।
এদিন একেএমএ আওয়াল বলেন, মুক্তিযুদ্ধে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সরাসরি মুজিবনগর সরকারের কাছ থেকে কিছু দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি কমান্ডারদের উপরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতেন।
“তবে এ সবের উনি কী জানেন?,” আইনজীবী কফিলকে ইঙ্গিত করে বলেন এই মুক্তিযোদ্ধা।
আওয়াল বলেন, “প্রথমত উনি মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরুদ্ধে।”
কফিল উদ্দিন চৌধুরী ও মঞ্জুর আহমেদ আনসারী বুধবার মাত্র সোয়া এক ঘণ্টার মধ্যে তাদের জেরা শেষ করেন।
মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
জামায়াতে ইসলামির সাবেক আমীর গোলাম আযমকেও যুদ্ধাপরাধের অভিযোগে বুধবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার রয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে। এদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/২৩১৮ ঘ.
bdnews24