২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে জামায়াতপন্থী আইনজীবীদের বিক্ষোভ

জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে হাইকোর্ট চত্বরে সমাবেশ করেছে জামায়াতপন্থী আইনজীবী সংগঠন ইসলামিক লইয়ার্স কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে হাইকোর্ট চত্বরে সমাবেশ করেছে জামায়াতপন্থী আইনজীবী সংগঠন ইসলামিক লইয়ার্স কাউন্সিল। এই আদেশের মাধ্যমে ‘আইন লংঘন’ হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। জামায়াতের সাবেক এই নেতার জামিনের আবেদনের শুনানি সামনে রেখে সকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে জড়ো হন সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের জামায়াতপন্থী আইনজীবীরা। জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তারা দল বেঁধে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে ইসলামিক লইয়ার্স কাউন্সিলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, “আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস ও জোর-জুলুমের শিকার।” শুনানি শেষে ট্রাইব্যুনাল গোলাম আযমকে কারাগারে পাঠাতে বললে বেলা ১২টার দিকে একটি প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় জামায়াতের এই সাবেক আমীরকে। গোলাম আযমকে গ্রেপ্তারের আদেশ ‘সঠিক’ হয়নি উল্লেখ করে কাউন্সিলের ঢাকা কোর্ট সভাপতি ও গোলাম আজমের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, “এর মাধ্যমে মৌলিক অধিকার হরণ করা হয়েছে। আলিমের বয়স ছিল ৮০, গোলাম আযমের বয়স ৯০। এরপরও তাকে জামিন দেওয়া হয় নাই। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” কাউন্সিলের কেন্দ্রীয় নেতা মশিউল আলম অভিযোগ করেন, সরকার ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধাপরাধের ‘ফানুস’ তৈরি করে ‘দেশপ্রেমিকদের’ জেলে ভরছে। কাউন্সিলের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জসিম উদ্দিন সরকার বলেন, “ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গোলাম আযমকে কারাগার থেকে মুক্ত করে আনতে হবে।” সমাবেশ চলাকালে জামায়াতপন্থী আইনজীবীরা ট্রাইব্যুনাল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও স্লোগান দেয়। এদিকে গোলাম আজমকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে জায়ামাতে ইসলামী মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশের উপ-কমিশনার (মতিঝিল বিভাগ) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিঝিল, নাইটিঙ্গেল মোড়, পল্টন, সেগুনবাগিচা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এলএইচ/এসইউ/১৪৫২ ঘ.