চট্টগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় চেয়ারপার্সনের জনসভা সফল করায় চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে পৃথক বিবৃতি পাঠান এ দুই নেতা।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগেই বলেছিলাম চট্টগ্রামের জনসভা হবে সর্বকালের সর্ববৃহৎ জনসভা। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ নিজেদের কাজ না গিয়ে জনসভায় যোগ দেওয়ার সব ধরণের পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।”
পৃথক বিবৃতিতে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, “চট্টগ্রামে অনুষ্ঠিত স্মরণকালের বৃহত্তম এই জনসভা সরকার বিরোধী চলমান গণআন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।”
চট্টগ্রামের এ দুই নেতাই ‘কঠোর পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতা’ প্রদর্শনের জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে অভিনন্দন জানান।
অন্যদিকে দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার রোডমার্চ সফল করায় নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলার দলের সব নেতাকর্মীকে সংগ্রামী অভিনন্দন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/০০০৯ ঘ.
bdnews24