২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও গভর্নরের গত সেপ্টেম্বরে দেওয়া আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

আগরতলা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপুরার রাজধানী আগরতলা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে বুধবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার দুই দিনব্যাপী এই সফরকে কেন্দ্র করে সব ধরণের আয়োজন শেষ করেছে ত্রিপুরা সরকার। আগরতলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সমাবর্তন অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেখ হাসিনাকে সম্মানসূচক ডি লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি দেবে। ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারিও সমাবর্তনে যোগ দিতে দিল্লি থেকে আগরতলা আসবেন। গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও গভর্নর ডি ওয়াই পাতিল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে এই সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ পৌঁছে দেন। স্থানীয় আসাম রাইফেলস ময়দানে রাজ্য সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে গণসম্বর্ধনা দেওয়া হবে। হাসিনার এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়বে বলে আশা করছে ত্রিপুরার মানুষ। শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। ত্রিপুরার সঙ্গে ৮৫৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশে। সাংস্কৃতিক দিক দিয়েও দুই অঞ্চলের অধিবাসীদের সাদৃশ্য আছে। মুক্তিযুদ্ধের সময় দেড় লাখেরও বেশি বাংলাদেশি ত্রিপুরায় আশ্রয় নিয়েছিল। সেখানে ১৬টি ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৮১৫ ঘ.