২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাঈদীর ইশারায় গুলি করে এক পাকসেনা’

ব্রিজ পার হয়ে ইব্রাহিমের বাঁধন খুলে দেওয়া হলে সাঈদীর ইশারায় এক পাক সেনা তাকে গুলি করে- একাত্তরে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভূমিকা সম্পর্কে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সাক্ষ্য দেন মামলার এগারোতম সাক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিজ পার হয়ে ইব্রাহিমের বাঁধন খুলে দেওয়া হলে সাঈদীর ইশারায় এক পাক সেনা তাকে গুলি করে- একাত্তরে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভূমিকা সম্পর্কে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সাক্ষ্য দেন মামলার এগারোতম সাক্ষী। সাক্ষী আব্দুল জলিল শেখ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, ১৯৭১ সালের ৮ মে পিরোজপুরে অগ্নিসংযোগ, লুট ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন দেলাওয়ার হোসাইন সাইদী। জবানবন্দি শেষে ওই সাক্ষীকে জেরা করে আসামি পক্ষের আইনজীবী। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য একেএম আব্দুল আওয়াল মঙ্গলবার এ মামলার দ্বাদশ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে তার বক্তব্য তুলে ধরবেন বলে প্রসিকিউশন জানিয়েছে। আব্দুল জলিল শেখ বলেন, ১৯৭১ সালের ৮ মে সাঈদীসহ রাজাকারদের একটি গ্র“প পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে প্রতিবেশি মানিক পসারীর বাড়িতে লুটপাট চালিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনা তিনি প্রত্যক্ষ করেছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান জলিল। ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে জলিল বলেন, সেদিন পাসারীর বাড়ি থেকে পাকিস্তানি সেনারা ইব্রাহিম কুট্টি ও মফিজউদ্দিন পসারী নামের দুজনকে ধরে তাদের বেঁধে ফেলে। বাড়িটি আগুনে পুড়ে গেলে তারা ওই দুজনকে নিয়ে রওয়ানা হয়। তিনি গোপনে তাদের অনুসরণ করেন জানিয়ে জলিল বলেন, “ব্রিজ পার হওয়ার পর ইব্রাহিমের বাঁধন খুলে দেওয়া হয়। তারপর সাঈদীর ইশারায় এক পাকিস্তানি সেনা তাকে গুলি করে।” আগের দিন ট্রাইব্যুনালে এ তথ্যই তুলে ধরেন এ মামলার দশম সাক্ষী বাসুদেব মিস্ত্রি। পঞ্চাশোর্ধ্ব বাসুদেব জানান, বাবার সহযোগী হিসেবে একাত্তরে কাঠমিস্ত্রির কাজ করতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মে মাসে পিরোজপুরের ভিথুলিয়া গ্রামের মানিক পসারীর বাড়িতে থাকতেন। সেই বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় রাজাকার বাহিনী। তারপর পাকিস্তানি সেনারা ওই বাড়ি থেকে মফিজ ও ইব্রাহিম কুট্টি নামের দুজনকে ধরে নিয়ে যায়। কুট্টিকে গুলি করে হত্যার পর মফিজকে নিয়ে যাওয়া হয় রাজাকার ক্যাম্পে। সেই সময়ের হত্যা, লুট ও অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় নেতৃত্বদানকারী হিসেবে দেলাওয়ার হোসেন শিকদারকে চিহ্নিত করেন তিনি, যাকে এখন সবাই চেনে দেলাওয়ার হোসাইন সাইদী হিসেবে। তবে ইব্রহিম কুট্টিকে হত্যার বিবরণ বাসুদেবের চেয়ে আরো সবিস্তারে দেন আব্দুল জলিল। সাক্ষ্য শেষে জলিলকে জেরা করেন সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম ও মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী। সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। জামায়াতে ইসলামির সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধেও সোমবার অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আগামী বুধবার তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার রয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে। এদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/২২১৪ ঘ.