চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সঙ্গে বিএনপি ও জিয়া পরিবারের আত্মার সর্ম্পক আছে উল্লেখ করে বিএনপিনেতা আব্দুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রামবাসী খালেদা জিয়াকে ‘জনসমুদ্র’ উপহার দেবে।
বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চট্টগ্রামে এক ট্রাক মিছিল শুরুর আগে রোববার বলেন, “চট্টগ্রাম থেকেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেন এবং চট্টগ্রামেই তিনি শাহাদাত বরণ করেন। বিএনপি ও জিয়া পরিবারের সাথে আত্মার সম্পর্ক।”
বিএনপির রোড মার্চ ও তার পরের চট্টগ্রাম সমাবেশের প্রচারে এ ট্রাক মিছিল শুরু হয় নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে।
এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সদস্য আনোয়ার হোসাইন, শ্রমিকনেতা নুরুল্লাহ বাহার প্রমুখ বক্তব্য দেন।
এছাড়া আব্দুল্লাহ আল নোমান নগরীর পাহাড়তলী বাজার, অলংকার মোড়ে পৃথক সমাবেশে বক্তব্য দেন।
বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাইজে একদল সেনাসদস্যের হাতে নিহত হন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৫০ ঘ.
bdnews24