২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ঢাকা-চট্টগ্রাম রোডমার্চকে কেন্দ্র করে সমাবেশের জায়গা দখল নিয়ে ফেনীতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির কর্মীরা। দফায় দফায় এ সংঘর্ষে আহত হয়েছে কয়েকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ফেনী, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রোডমার্চকে কেন্দ্র করে সমাবেশের জায়গা দখল নিয়ে ফেনীতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির কর্মীরা। দফায় দফায় এ সংঘর্ষে আহত হয়েছে কয়েকজন। রোববার দুপুরে ফেনী পাইলট হাইস্কুল মাঠের জনসভাস্থলে সংঘর্ষের সূত্রপাত হলেও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সকাল ১০টায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু করেছেন। ফেনীতে রোডমার্চের নির্ধারিত জনসভা রয়েছে, যেখানে খালেদা জিয়া বক্তব্য রাখবেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোডমার্চে নির্ধারিত জনসভার জন্য ফেনী পাইলট হাইস্কুল মাঠে মঞ্চ তৈরি করা হয়। দুপুর ১২টার দিকে মাঠে স্থান দখল করাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় দুই পক্ষ একে অপরের দিকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় তা কলেজ রোড, স্টেশন রোড, জেল রোডসহ আশপাশে ছড়িয়ে পড়ে এবং জনমনে আতঙ্ক দেখা দেয়। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানায়, সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। দুপুরের পরও থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আহতদের মধ্যে মোহনা টিভির জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সালাহউদ্দিন মামুন, ছাত্রদল কর্মী সাইদুর রহমান শান্ত, মেজবাহ উদ্দিন, মুরাদ, কামাল, ফয়সাল এবং ছাত্রশিবিরের ফেনী শহর শাখার সভাপতি রাশেদুল হাসানের নাম জানা গেছে। এরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে দুপুর আড়াইটার দিকে পরিবেশ শান্ত হলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে জনসভা শুরু হয়। জামায়াতের ফেনী শহর শাখার সেক্রেটারি আ ন ম আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মী-সমর্থকরা জনসভারস্থলে গিয়ে সামনের দিকে অবস্থান নেয়। ১২টার দিকে ছাত্রদলের একটি বিশাল মিছিল মাঠে প্রবেশ করে শিবির কর্মীদের ঠেলে সামনে যেতে চাইলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ফেনী থানার ওসি নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ফেনীতে ছাত্রদল-শিবির সংঘর্ষের সময় বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়া চান্দিনায় নির্ধারিত পথসভায় বক্তব্য রাখছিলেন। কাছাকাছি সময়ে কুমিল্লার পদুয়ার বাজারেও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ২০ জন আহত হয়। রোডমার্চ চট্টগ্রাম পৌঁছানোর পর সোমবার বিকালে পলোগ্রাউন্ড মাঠে সর্বশেষ জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপার্সন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবিতে এর আগে গত বছরের অক্টোবর মাসে সিলেট ও উত্তরাঞ্চলের চাঁপাই নবাবগঞ্জ এবং নভেম্বরে খুলনা অভিমুখে রোড মার্চ করেন বিএনপি চেয়ারপার্সন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবিতে ৬ বিভাগেই রোড মার্চ করার ঘোষণা থাকলেও পরে রংপুর ও বরিশালের কর্মসূচি বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪৭ ঘ.