ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হবে।
রিজভী বলেন, রোববার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করবে বিএনপি। “পরদিন বিকালে চট্টগ্রামের পলোগ্রাউণ্ড মাঠে জনসভা থেকে সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এর আগে গত অক্টোবর ও নভেম্বরে সিলেট, রাজশাহী ও খুলনা অভিমুখে তিনটি রোড মার্চ করে বিএনপি। ৬ বিভাগে রোড মার্চ করার কথা থাকলেও রংপুর ও বরিশাল বিভাগে রোড মার্চ শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়।
চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের মাধ্যমে তত্ত্বাবধায়কের পক্ষে জনমত গঠনের এই কর্মসূচির সমাপ্তি টানবেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১৩০ ঘ.
bdnews24