২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতনের ডাক আসবে চট্টগ্রাম থেকে: নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রাম থেকেই সরকার পতনের ডাক দেবেন দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রাম থেকেই সরকার পতনের ডাক দেবেন দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া। তার ডাক বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে না বলেও মন্তব্য করেন তিনি। আগামী ৯ জানুয়ারি চট্টগ্রামে খালেদা জিয়ার জনসভা সফল করতে শুক্রবার দুপুরে বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। আগামী ৮ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করবে বিএনপি। পরদিন চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন খালেদা। ক্ষমতাসীন মহাজোট সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, “দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। এ সরকারের পতন এখন দেশের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে।” রামপুরা ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সোহরাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নগর মহিলা দলের নেত্রী মনোয়ারা বেগম মনি, কাউন্সিলর শামসুল আলম, এম এ সবুর ইয়াছিন চৌধুরী লিটন, মহিলা নেত্রী জেলী চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে হালিশহর থানা মহিলা দল আয়োজিত রোড মার্চ ও জনসভা প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান। বিকালে নগরীর আগ্রাবাদ-চৌমুহনীর বিভিন্ন এলাকায় রোডমার্চ ও জনসভার প্রচারণায় অংশ নেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/২২৩৩ ঘ.