২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর ভাষণ শুধু কথার ফুলঝুরি’

সরকারের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে দেশের বর্তমান চিত্র ফুটে ওঠেনি বলে দাবি করেছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে দেশের বর্তমান চিত্র ফুটে ওঠেনি বলে দাবি করেছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তার সরকারের তিন বছরের যে সাফল্যের কথা বলেছেন, তা সত্যের অপলাপ মাত্র, মিথ্যার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়। তিনি চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে হিসাব দিয়েছেন, তার সঙ্গে বাস্তবতার মিল নেই।” প্রধানমন্ত্রীর ভাষণের পরদিন শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে এ কথা বলেন বিএনপির যুগ্মমহাসচিব আমান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ২৬ টাকা কেজিতে চাল পাওয়া যায়। জনগণের কাছে জানতে চাই, আপনারা বাজারে এই দামে চাল কিনতে পারেন কি।” জ্বালানি তেলের দাম গত বছর চার দফায় বাড়ানোর ফলে জনদুর্ভোগ বাড়ার কথাও তুলে ধরেন আমান। প্রধানমন্ত্রীর ভাষণে গুম, গুপ্তহত্যার বিষয় না থাকার সমালোচনাও করেন তিনি। সাবেক ডাকসু ভিপি আমান বলেন, “তিন বছরে মহাজোট সরকারের ইতিহাস নৈরাজ্য, হত্যাকাণ্ড ও দ্রব্যমূল্য বৃদ্ধির ইতিহাস, জনগণের হতাশার ইতিহাস।” মনিপুর স্কুলে সরকারদলীয় সংসদ সদস্য কর্তৃক সাংবাদিক মারধরের প্রতিবাদে মানববন্ধনে এই কথা বলেন আমান। সাংবাদিকের ওপর হামলার জন্য সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের বিচার দাবি করে তিনি বলেন, “সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়ে সত্যকে লুকিয়ে রাখা যাবে না।” মানববন্ধনে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান গোলাম মূর্তজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস সহসভাপতি বাবুল আহমেদ, সচেতন যুব সমাজের সভাপতি বোরহান উজ-জামান ওমর অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৫৫ ঘ.