চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চ-লং মার্চ না করে সংসদে এসে সরকারের ভুল ধরিয়ে দিতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর মুসলিম হলে ‘জননেতা আবদুর রাজ্জাক স্মরণে’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপি’র প্রতি ইঙ্গিত করে তোফায়েল আহমেদ বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেবেন, এটা শুভ লক্ষণ। জাতীয় সংসদে আসুন। ভুল হলে ধরিয়ে দিন। সংসদে না গিয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাংলার মানুষ তা সহ্য করবে না।”
১৮ ডিসেম্বরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, তারা (বিএনপি) পুলিশের গাড়ি পুড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঢাকায় তাহরীর স্কয়ার করতে চেয়েছিল। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সফল হতে পারেনি।
গত ১৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনায় নির্ধারিত সময়ের আগে আগতদের লাঠিপেটা করে বের করে দেয় পুলিশ। এর পরই রাজধানীতে কয়েক স্থানে বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন মারাও যায়।
রাজধানীতে অন্তত আটটি বাসে আগুনও দেওয়া হয় সেদিন। একইদিন সিরাজগঞ্জ ও সিলেটে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিলেটে বাসে আগুনের ঘটনায়ও একজন নিহত হয়।
ক্ষমতাসীন ও বিরোধী দল ওই বিস্ফোরণের জন্য পরস্পরকে দায়ী করে।
যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এবং অপশক্তিকে প্রশ্রয় দিতে যারা সক্রিয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের ‘ইস্পাত কঠিন ঐক্য’ গড়ার আহ্বান জানান তোফায়েল।
‘‘বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। রাজ্জাক ভাই যুদ্ধাপরাধের বিচার দেখে যেতে পারেন নি। এ বিচার শেষ হলেই তার আত্মা শান্তি পাবে।’’
মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অন্যদের মধ্যে নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণের সহ-সভাপতি জসিম উদ্দিন খান বক্তব্য দেন।
তবে নগর আওয়ামী লীগের রাজনীতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীনের অনুসারী নেতা-কর্মীদের কেউই উপস্থিত ছিলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরআরডি/২১৩১ ঘ.
bdnews24