২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে আশাবাদী’

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংক ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংক ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা করছে সরকার। অর্থায়নে ঋণদাতা সংস্থাগুলোর সিদ্ধান্তের সম্ভাব্য সময় সম্পর্কে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধির বক্তব্যের দিনই (বুধবার) এ আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপদেষ্টা বুধবার বিকালে বলেন, “বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। ভালো ফল পাওয়া যাবে বলে আশা করছি।” প্রকল্পে বিশ্ব ব্যাংকসহ অন্য দাতাসংস্থাগুলো তাদের স্থগিত রাখা ঋণ দেবে কি না সে বিষয়ে আগামী ১২ জানুয়ারির পর সিদ্ধান্ত পাওয়া যাবে বলে এদিনই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন এডিবির আবাসিক প্রতিনিধি থেবাকুমার কান্দিয়াহ। তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে আলোচনা করছেন। তিনি ফিরলে আমরা সবাই একসঙ্গে বসে একটি সিদ্ধান্তে পৌঁছাব।” বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি আগামী ১২ জানুয়ারি ঢাকায় ফিরবেন বলে জানান থেবাকুমার কান্দিয়াহ। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। সরকার এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করলেও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়। ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পান ওবায়দুল কাদের। এরপর পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এ সেতু নির্মাণ করা হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থের যোগান দেবে সরকার। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসর পর পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এরই মধ্যে মূল সেতু, নদী শাসন ও সংযোগ সড়কের নকশা চূড়ান্ত করা হয়েছে। সরকারের দাবি, এ সেতু নির্মাণ হলে জিডিপি ১ দশমিক ২ শতাংশ বাড়বে। দারিদ্র্য কমবে দশমিক ৮৪ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৭৪৪ ঘ.