ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনে (ডিসিসি) প্রশাসক নিয়োগের আগের অবস্থা বজায় রাখতে সাদেক হোসেন খোকার করা আবেদন খারিজ করেছে হাইকোর্ট।
ডিসিসি ভাগের পর এই পদক্ষেপ চ্যালেঞ্জ করে আদালতে যান বিএনপি নেতা খোকা। তার সঙ্গে প্রশাসক নিয়োগে স্থিতিবস্থা চেয়ে এই আবেদনও করেছিলেন তিনি।
মূল রিট আবেদনে রুল জারি হলেও হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্থিতাবস্থা জারির বিষয়ে বিভক্ত আদেশ দেয়। এরপর প্রধান বিচারপতি আবেদনটি পাঠান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চে।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বুধবার শুনানি শেষে খোকার আবেদনটি খারিজ করে দেন। আদেশে আদালত বলেছে, ওই আবেদনের পর প্রশাসক নিয়োগ হয়ে গেছে। তারা তাদের কার্যক্রমও শুরু করে দিয়েছেন। তাই আবেদনটি কার্যত অকার্যকর হয়ে গেছে।
শুনানিতে অবিভক্ত ডিসিসির সর্বশেষ মেয়র খোকার আইনজীবী আখতার ইমামকে আদালত বলে, প্রধান বিচারপতি এই রিটের একটি অংশ নিষ্পত্তি করতে আমার কাছে পাঠিয়েছেন। যেখানে আপনারা ঢাকা সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্থিতাবস্থা চেয়েছেন। সেটা ছিল প্রশাসক নিয়োগের আগে, কিন্তু এখন আমি এটা কীভাবে শুনবো? তারা তো (নির্বাচিত প্রতিনিধিরা) এখন দায়িত্বে নেই।
জবাবে খোকার আইনজীবী বলেন, “আপনি আমাদের আবেদন গ্রহণ করলে সেটা প্রশাসক নিয়োগের পূর্বের অবস্থা থেকেই কার্যকর হবে।”
তখন বিচারপতি বলেন, আসলে এখন আপনাদের আবেদনটি হবে, বর্তমান অবস্থা বাতিল করে প্রশাসক নিয়োগের পূর্ববর্তী অবস্থা বহাল করা। সেটাই আপনারা চাচ্ছেন। কিন্তু সেটা তো আমি শুনতে পারবো না। আমি রিটের এই অংশটুকু নিষ্পত্তি করে দিচ্ছি। আপনারা এই আবেদন নিয়ে কোনো দ্বৈত বেঞ্চে যান।
তখন আখতার ইমাম বলেন, “রিট আবেদনের পর অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, এটা প্রি ম্যাচিউরড, এখন কি পোস্ট ম্যাচিউরড বলবেন?
“একটি বিষয়ে আমরা আদালতে এসেছি। শুধু তাই নয়, এ বিষয়ে একটি বিভক্ত আদেশ রয়েছে। এ অবস্থায় প্রশাসক নিয়োগ দিয়ে বিচারাধীন বিষয়কে অকার্যকর করার মাধ্যমে সরকার আদালত অবমাননা করেছে। তারা আদালতের প্রতি যথযথ সম্মান দেখায়নি। আদালতকে এটা দেখতে হবে।”
শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিভক্ত আদেশের কারণে এই বিষয়টি তৃতীয় বেঞ্চে এসেছে। তৃতীয় বেঞ্চের বিচারপতি বিভক্ত আদেশের বিষয়ে যে কোনো একটি মত গ্রহণ করবেন। তৃতীয় কোনো মত তিনি দিতে পারেন না।
“বিভক্ত ওই আদেশের পর সরকার বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। তারা নিয়ম অনুযায়ী দাপ্তরিক কাজ করছেন। এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না,” বলেন তিনি।
সাদেক হোসেন খোকার পক্ষে ড. কামাল হোসেনও শুনানিতে অংশ নেন।
বিরোধী দলসহ বিভিন্ন মহলের প্রবল আপত্তির মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন (সংশোধন)-২০১১ গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে পাস হয়।
এর পরদিনই আদালতে যান নয় বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করে আসা ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা।
রিট আবেদনের শুনানি শেষে ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।
ডিসিসি ভাগের পর ৪ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে দুই জন প্রশাসক নিয়োগ দেয়।
বিভক্ত ঢাকা সিটিতে অনির্বাচিত প্রতিনিধিদের প্রশাসক নিয়োগের বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা অন্য একটি রিট হাইকোর্টে বিবেচনাধীন রয়েছে। এ মাসে ওই রিটের শুনানির হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১০০ ঘ.
bdnews24