২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিদেশিরা ভোটার কেন, প্রশ্ন আদালতের

কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটার তালিকা থেকে বিদেশিদের বাদ দিতে না পারা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটার তালিকা থেকে বিদেশিদের বাদ দিতে না পারা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনে বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়। জবাব দিতে স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনসহ পাঁচ জনকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন মেয়র প্রার্থী মো. সালমান সাঈদ রিট আবেদনটি করেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, “কুমিল্লা সিটি কর্পোরেশনে বিশেষ করে ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকায় ভারতের কিছু নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে। এর পরিপ্রেক্ষিতে রিট আবেদনটি দায়ের করা হয়েছে।” কুমিল্লার নির্বাচনে সাঈদসহ নয় জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ সমর্থিত আফজল খান এবং সাবেক পৌর মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। দেশের সবচেয়ে ছোট এই সিটি কর্পোরেশনে ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ৮৬ হাজার ৭৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/আরএ/১৬২৫ ঘ.