ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিকভাবে মধ্যরাত পর্যন্ত ভোট চাওয়া গেলেও কার্যত মঙ্গলবার দিন ফুরাতেই কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। জনপ্রতিনিধি নির্বাচনে এক দিন পরই ইভিএমে ভোট দেবে কুমিল্লাবাসী।
নতুন সিটি কর্পোরেশন কুমিল্লায় প্রথম পুরোপুরি ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে। প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে-বাইরে ‘কঠোর নিরাপত্তা বলয়ে’র পাশাপাশি প্রথমবারের মতো সব কেন্দ্রে ওয়েব ক্যামেরায় পরিস্থিতির ওপর নজরদারি চলবে বলেও নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬৫টি ভোটকেন্দ্রের ৪২১টি ভোটকক্ষে টানা ভোটগ্রহণ চলবে। দেশের সবচেয়ে ছোট এই সিটি কর্পোরেশনে ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ৮৬ হাজার ৭৪ জন।
নির্বাচনে মেয়র পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ সমর্থিত আফজল খান এবং সাবেক পৌর মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এছাড়া সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে সাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়েছে। ইভিএমে ভোট নেওয়ার জন্য সব ধরনের সামগ্রী পৌঁছে গেছে।”
তিনি জানান, প্রতিটি কেন্দ্রে ২২ থেকে ২৪ জন নিরাপত্তা রক্ষী থাকবে ভোটের দিন। এছাড়া কেন্দ্রের বাইরে গোলযোগ ঠেকাতে থাকবে স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই এটাই বড় ধরনের শেষ নির্বাচন। কুমিল্লায় নির্বাচনের পর শুধু নরসিংদীতে মেয়র পদে উপনির্বাচনের পর ফেব্র“য়ারিতেই বিদায় নিচ্ছে এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান ইসি।
নির্বাচন কর্মকর্তারা জানান, নির্বাচনের আগের দিন, ভোটের দিন এবং নির্বাচনের পরের দিন- এই তিন দিন নিরাপত্তার তিন স্তরবিশিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এই প্রথম কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর বাইরেও কেন্দ্র প্রতি ৫ জন করে অ্যাকশন ফোর্স রাখা হচ্ছে। প্রতি কেন্দ্রের আশপাশে র্যাবের আট জনের একটি দল টহল দেবে। এছাড়া ওয়ার্ড প্রতি থাকছে একজন করে ইসির নিজস্ব পর্যবেক্ষক।
নতুন এই সিটি কর্পোরেশনে একজন মেয়র, সাধারণ ওয়ার্ডে ২৭ জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হবেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ইসির উপসচিব ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন। তার সঙ্গে থাকবেন নয় জন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডের ১৪টি কেন্দ্র এবং গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রে ইভিএমে ভোট হয়। এবার কুমিল্লায় ব্যালট পেপারে সিল দেওয়ার বিষয়টি পুরোপুরি বাদ পড়ছে।
বিএনপির আপত্তি সত্ত্বেও ইভিএম নিয়ে এগিয়ে যাচ্ছে ইসি। আগামী জাতীয় নির্বাচন যেন ইভিএমে নেওয়া যায়, সে প্রস্তুতিও রেখে যাচ্ছে এই কমিশন।
মেয়রদের প্রতীক
মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত আফজল খান আনারস প্রতীক, নাগরিক কমিটির ব্যানারে বিএনপি থেকে অব্যাহতি নেওয়া মনিরুল হক সাক্কু হাঁস, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম টেলিভিশন, আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম চশমা, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু জাহাজ, জাসদের শিরিন আক্তার তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এছাড়া চঞ্চল কুমার ঘোষ ঘোড়া, মো. সালমান সাঈদ দোয়াত-কলম এবং মামুনুর রশিদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে লড়ছেন।
সাধারণ কাউন্সিলর পদে এবং সংরক্ষিত মহিলা আসনে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছে।
দেড় সহস্রাধিক আইন শৃঙ্খলা বাহিনী
৩ থেকে ৭ জানুয়ারি নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত রয়েছে ইসির।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কমিশনের বৈঠকের পর রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন করে সদস্য থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবে ২৪ জন।
প্রতিটি ওয়ার্ডে র্যাবের ২৭টি টিম সার্বক্ষণিক টহল দেবে।
রিটার্নিং কর্মকর্তা জানান, কেন্দ্রের বাইরের পরিস্থিতি দেখভালে প্রতিটি কেন্দ্রে একজন এসআইর নেতৃত্বে ৫ জন করে অ্যাকশন ফোর্স থাকবে। প্রতি তিনটি কেন্দ্রের জন্য একটি মোবাইল টিম সক্রিয় থাকবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী হাকিম তাৎক্ষণিক বিচারের জন্য দায়িত্বরত থাকবেন। সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
ইসি কর্মকর্তারা জানান, ২৭ ওয়ার্ডে ২৭ জন ইসির নিজস্ব গোপন পর্যবেক্ষক কমিশনকে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য দেবে। কোথাও অনিয়ম দেখলে এ গোপন পর্যবেক্ষকরা তাৎক্ষণিকভাবে তা রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন। কোথাও অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হলে তা বন্ধে র্যাব-পুলিশের ৫০ জন রিজার্ভ ফোর্স রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত থাকবেন।
নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে আগেই সতর্ক করেছেন নির্বাচন কমিশনাররা। প্রার্থীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি গাফিলতি করলে নির্বাচন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে অপসারণ করার কথা জানিয়েছেন সাখাওয়াত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯০০ ঘ.
bdnews24