ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার জন্য রাষ্ট্রপতিকে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে চার দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি।
দলটির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সংলাপে অংশ নেয়।
পরে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ সাংবাদিকদের বলেন, তারা নির্বাচন কমিশন গঠন ও তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে আলাদা করে দেখেন না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েও তারা সংলাপ চান।
“তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইসি কতটুকু স্বাধীন ও দলীয় সরকারের অধীনে ইসি কী রকম স্বাধীন- তা ইতোমধ্যে প্রমাণিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও ইসি একই সূত্রে গাঁথা। আমরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেছি, তত্ত্বাবধায়কের আগে ইসি নিয়ে আলোচনায় আমরা রাজি নই।”
ইসি নিয়ে আলোচনার উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতি উদারতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে পার্থ বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আলোচনার উদ্যোগ নিলে তিনি ‘আরো বড়’ উদারতার পরিচয় দেবেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ায় এখন নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। প্রধান বিরোধী দল বিএনপি অর্র্ন্তবতীকালীন সরকার পদ্ধতি বহালে আন্দোলন করছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রোববার বলে দিয়েছেন, রাষ্ট্রপতির সংলাপ ফলপ্রসূ করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়েও আলোচনা করতে হবে। রাষ্ট্রপতিকে বিএনপি বলবে, আগে তত্ত্বাবধায়ক পরে ইসি নিয়ে আলোচনা করা হবে।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন।
এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। সোমবার তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গেও বসেন। চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক আলী বিল্লাহ আল মাদানি এ দলের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
পরে দলটির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, ইসি গঠনে সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে উচ্চ আদালতের রায় মেনে আগামী দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার কথাও রাষ্ট্রপতিকে প্রস্তাব করেছেন।
ধারাবাহিক এ সংলাপের অংশ হিসেবে ১১ জানুয়ারি বিএনপিএবং ১২ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে রাষ্ট্রপতির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৫৫৬ ঘ.
bdnews24