২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক মর্যাদায় সমাহিত হামিদুল্লাহ খান

মুক্তিযুদ্ধের অন্যতম সমর নায়ক অবসরপ্রাপ্ত উইং কমাণ্ডার এম হামিদুল্লাহ খানকে পূর্ণ সামরিক মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 08:28 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সমর নায়ক অবসরপ্রাপ্ত উইং কমাণ্ডার এম হামিদুল্লাহ খানকে পূর্ণ সামরিক মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বনানী কবরস্থানে মা ও বড় ছেলের কবরের পাশে হামিদুল্লাহ খানকে সমাহিত করা হয়। এ সময় তার স্ত্রী রাবেয়া সুলতানা, বড় ছেলে তারেক আহমদ খান, ছোট ছেলে মুরাদ হামিদ খানসহ স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টায় মরহুমের কফিন সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আনুষ্ঠানিকতা শেষে বিমান বাহিনীর মসজিদে তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিমান বাহিনীর কর্মকর্তারা অংশ নেয়। এরপর বিমান বাহিনীর গাড়িতে করে জাতীয় পতাকা ও বিমান বাহিনীর পতাকায় আচ্ছাদিত কফিনটি বনানী কবরস্থানে আনা হয়। সেখানে বিমান বাহিনীর একটি চৌকশ দলসহ উর্ধ্বতন কর্মকর্তারা তার প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। সামরিক আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করীম ভূঁইয়া, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান ও নৌ বাহিনী প্রধানের পক্ষে উপ-নৌ প্রধান রিয়ার এডমিরাল ফরিদ হাবিব এই বিএনপি নেতার কবরে পুস্পমাল্য অর্পণ করেন এবং সালাম জানান। এছাড়া মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের পক্ষ থেকে এই মুক্তিযোদ্ধার কবরে পুস্পমাল্য অর্পণ করা হয়। বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খান শুক্রবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। দাফনের সময়ে উপস্থিত ছিলেন হামিদুল্লাহ খানের ছোট ভাই দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, সাবেক হুইপ শহীদুল হক জামাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন, মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ। শুক্রবার রাতে ও শনিবার সকালে ঢাকা সেনানিবাসে আল্লাহু জামে মসজিদ দুটি, নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ও মুন্সিগঞ্জের লৌহজং থানায় গ্রামের বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কুলখানি সোমবার হামিদুল্লাহ খানের ঢাকা সেনানিবাসের ৩ নং সড়কের ১৫/১ এর বাসায় সোমবার বাদ মাগরিব কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছোট ছেলে মুরাদ হামিদ খান। এতে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪২২ ঘ.