২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে উপস্থাপিত 'শান্তির মডেল' নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেশে ফিরেই দিলেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘে উপস্থাপিত 'শান্তির মডেল' নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেশে ফিরেই দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, "ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে নয়, সেনা ছাউনিতে নয়- এই চিন্তা থেকেই জাতিসংঘে এই প্রস্তাব [শান্তির মডেল] দিয়েছি।" ১৯৭৫ সালের পর বিভিন্ন সময় সেনাশাসনে দেশের কাক্সিক্ষত উন্নতি হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "মার্শাল'ল, সেমি মার্শাল'ল, ব্যাক মার্শাল'ল দিয়ে বাংলাদেশের জনগণের ক্ষমতা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।" জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে বৃহস্পতিবার রাতে দেশে ফিরে বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে বিভিন্ন পেশাজীবীদের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনায় এ সব কথা বলেন শেখ হাসিনা। গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতায় 'শান্তি-কেন্দ্রিক উন্নয়নের' এক নতুন মডেল উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় এটিকে তার 'সারাজীবনের অভিজ্ঞতার আলোকে জনগণের ক্ষমতায়নের মডেল' হিসেবে উল্লেখ করেন তিনি। তার ওই মডেল উপস্থাপনের পরদিনই এর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে আগে দেশে শান্তি ফেরানোর আহ্বান জানান। ভিভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতরা হলেন- দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, দ্য ডেইলি সান সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য সালাম মুর্শেদী, সাবেক ফুটবলার বাদল রায়, শেখ মোহাম্মদ আসলাম ও আরিফ খান জয়, জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও হাবিবুল বাশার, জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. এম এ গফুর, সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, মহাসচিব ডা. মো. শরফুদ্দিন আহমেদ, চিত্রকর হাসেম খান, সঙ্গীতশিল্পী শাহীন সামাদ, রথীন্দ্রনাথ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরোফিন সিদ্দিক, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, বিকেএমইএ'র সাবেক সভাপতি ফজলুল হক, আবৃত্তিকার প্রজ্ঞা লাবণী, অভিনেত্রী আফরোজা বানু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, কবি মহাদেব সাহা প্রমুখ। 'জনগণের ক্ষমতায়নে সংশোধনী' প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেন, তার সরকার দেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে। "জনগণের ক্ষমতায়ন হলে গণতন্ত্র সুসংহত হবে। আর, গণতন্ত্র সুসংহত হলে অর্থনৈতিক মুক্তি আসবে।" সংবিধান সংশোধন প্রসঙ্গে আওয়ামী লীগ প্রধান বলেন, "জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে।" গত ৩০ জুনের এ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে যার বিরোধিতা করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া বৃহস্পতিবারও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। 'জানি না কীভাবে ধন্যবাদ জানাবো' তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী ও শিশুদের জীবনযাত্রার মানোন্নয়নের স্বীকৃতি স্বরূপ 'সাউথ সাউথ পুরস্কার' পাওয়ায় বিমানবন্দরেই ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কৃতি খেলোয়াড়দের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয় ভিভিআইপি লাউঞ্জে। সবাই নিজ আসন থেকে উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের নাম যখন মাইকে ঘোষণা করা হয় তখন প্রধানমন্ত্রী তার আসন থেকে উঠে গিয়ে নুরুল ইসলামের হাত থেকে ফুল নিয়ে আসেন এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই তাকে স্বাগত জানাতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি ঠিক জানি না- আমি আপনাদের কীভাবে ধন্যবাদ জানাবো। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।" প্রধানমন্ত্রী বলেন, "আমার যা কিছু অর্জন- তা বাংলাদেশের জনগণের।" 'সাউথ সাউথ পুরস্কার' পাওয়ায় আনন্দ প্রকাশ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, "আমি এজন্য আনন্দিত- ২০০৮ সালে জনগণ ভোট দিয়ে আমাদের সরকার পরিচালনার সুযোগ করে দিয়েছিলো।" পুরস্কারটি নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রেখে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, "পুরস্কারটি আনিনি। ভাবলাম- ওটা ওখানেই থাকুক।" যুক্তরাষ্ট্র সফরে সে দেশে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি করার বিষয়টি শেখ হাসিনা উল্লেখ করলে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা করতালি দেন। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেওয়া এবং বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রস্তাবটি উত্থাপনের কথা জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, "১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর জাতির জনক জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন। আর, এবার আমি ঠিক একই দিনে জাতিসংঘে বাংলায় ভাষণ দিলাম।" প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষে বলেন, তিনি জানতেন না এভাবে সবাই তাকে সংবর্ধনা জানাতে আসবেন। তিনি সবাইকে তার সরকারি বাসভবন গণভবনে চা'য়ের আমন্ত্রণ জানান। জাতিসংঘের ৬৬তম অধিবেশনে অংশ নিয়ে ১১ দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাত ৮টা পাঁচ মিনিটে দেশে পৌঁছান প্রধানমন্ত্রী। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সাংসদবৃন্দ এবং তিন বাহিনীর প্রধান বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ১১ দিনের এই সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আয়োজিত সন্ত্রাস দমন, সংক্রামক ব্যধি, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর তিনি কানেক্টিকাটে তার স্বাস্থ্য পরীক্ষা করান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচএ/পিডি/২২৩৮ ঘ.