২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না: খালেদা

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় এক যোগদান অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা বলেন, "আওয়ামী লীগের নেতারা যে যাই বলুক, আমি বলছি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না, হবে না। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আগামীতেও তাই হবে।" একই সঙ্গে রোডমার্চের মতো দেশব্যাপী কর্মসূচি শেষ করে সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার নয়া পল্টনের চার দলের জনসভায় খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। এর পরদিন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ ব্রিফিঙে তা নাকচ করে দেন। তিনি বলেন, "আগামী নির্বাচন হবে দলীয় সরকারের অধীনেই। সেই নির্বাচনে সব দল অংশ নেবে।" কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এই যোগদান অনুষ্ঠান হয়। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মী খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেয়। যোগদানকারীদের স্বাগত জানিয়ে খালেদা বলেন, "এখন থেকে আপনারা বিএনপির সম্মানিত সদস্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০৬ ঘ.