ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঠিক করতে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ৮টায় বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠক বসবে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে।
মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য জনসভা থেকে ওই কর্মসূচি ঘোষণা করবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবারের জনসভার বক্তব্যের বিষয়বস্তু নিয়েও বৈঠকে আলোচনা করবেন খালেদা জিয়া।"
মঙ্গলবার দুপুর আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চার দলীয় জোটের উদ্যোগে এই জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন খালেদা জিয়া।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচনে ভরাডুবির পর বর্তমান সরকারের আমলে চারদলীয় জোটের আয়োজনে এক মঞ্চের জনসভা এটি প্রথম।
খালেদা জিয়া ২০০৬ সালে ২৮ অক্টোবর বিকালে নয়া পল্টনের একই স্থানে সর্বশেষ চারদলীয় জোটের জনসভায় বক্তব্য দেন।
এছাড়া নয়া পল্টনে সর্বশেষ গত বছরের ৭ নভেম্বর বিএনপি আয়োজিত জনসভায় খালেদা জিয়া বক্তব্য দেন।
সাড়ে চার বছরের বেশি সময় পর মঙ্গলবার চারদলীয় নেতাদের নিয়ে এক মঞ্চ থেকে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া।
এই জনসভা থেকে তিনি সরকার বিরোধী আন্দোলনে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন।
মঙ্গলবারের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন খালেদা জিয়া। বিশেষ অতিথি হিসেবে চারদলীয় ঐক্যজোটের শরিক জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বক্তব্য দেবেন।
এছাড়া সমমনা ৮ দল যথাক্রমে জাতীয় গণতান্ত্রিক পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, লেবার পার্টি, ইসলামিক পার্টি, মুসলিম লীগ, ন্যাপ ভাসানী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারাও এই জনসভায় যোগ দেবেন।
বিএনপি দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারদলের নেতা-কর্মীরা ছাড়াও সমমনা ৮ দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, বিকল্পধারা বাংলাদেশসহ জাতীয়তাবাদী দল সমর্থিত সব পেশাজীবী সংগঠনের নেতারা এই জনসভায় যোগ দেবেন।
এদিকে চারদলীয় নেতাদের নিয়ে দুপুরে নয়া পল্টনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেন। বৈঠকে চার দলের শরিকরা জানায়, তারা এই জনসভায় নেতা-কর্মীদের নিয়ে অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০২৭ ঘ.
bdnews24