ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, চাঁদপুর, কিশোরগঞ্জ, বরগুনা ও চুয়াডাঙ্গায় জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
'ধ্বংসাত্মক কার্যকলাপের অপচেষ্টায়' লিপ্ত থাকা এবং মদদ দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, নগরীর পতেঙ্গা থানার জামায়াত ইসলামীর আমীর জানে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে পতেঙ্গায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন জানান, জানে আলম মামলার এজহারভুক্ত আসামি নয়। তবে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর জানে আলমকে পাঁচলাইশ থানায় আনা হয়েছে। থানা থেকে তাকে আদালতে পাঠানো হবে।
চাঁদপুর প্রতিনিধি জানান, রোবাবর গভীর রাতে শহরের মাদ্রাসা রোডের বাসা থেকে চাঁদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকার মাদ্রাতু ইসায়াতিল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহিমকে আটক করা হয়। এরপর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক জামায়াত নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. রমজান আলীকে সোমবার ভোরে জেলা শহরের নগুয়া এলাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
এ ছাড়া জামায়াতে ইসলামী আরো কয়েকজন নেতার বাসায় অভিযান চালালেও তাদের গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানান।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, "গত ৫ জুলাই হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ থানার একটি মামলায় রমজান আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই মামলায় গত ২০ সেপ্টেম্বর ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের জামিনের আদেশ দেয় আদালত।
বরগুনা প্রতিনিধি জানান, পাথরঘাটা পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমানকে রোববার রাতে ঈমান আলী সড়কের বাসা থেকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে জামায়াতের বরগুনা জেলা আমীর মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ, পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল কাদের ও কাঠালতলী ইউনিয়ন জামায়াতের আমীর জাফর সাদেকসহ উপজেলার শীর্ষ পর্যায়ের বেশকিছু নেতাকর্মীদের বাড়িতেও অভিযান চালানো হয়। তবে তারা বাড়িতে না থাকায় গ্রেপ্তার করা যায়নি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমীর ওমর ফারুককে সোমবার ভোররাতে শহরের বাবুপাড়া এলাকায় তার বাড়িতে বৈঠক করার সময় গ্রেপ্তার করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওমর দলীয় লোকজন নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে নিজ বাড়িতে বসে বৈঠক করছিলেন। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
তিনি আরো জানান, এসময় সেখানে তার ছেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সদস্য রোমানও ছিলেন। পুলিশের অভিযানের খবর পেয়ে রোমানসহ অন্যরা পালিয়ে যায়।
জামায়াতের জেলা আমীর আনোয়ারুল হক মালিক বলেন, ওমর ফারুক ২০০৪ সালে আলমডাঙ্গা উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি জামায়াতের সদস্যপদ ছেড়ে দেন।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওইদিন রাতেই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এবং প্রচার সম্পাদক তাসনীম আলমসহ দলটির তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশি অভিযানে জামায়াতের কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/কিউএইচ/জেকে/আরএ/১৩২৭ ঘ.
bdnews24