ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজপথে হরতালকারীদের অনুপস্থিতির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি নেতারা হরতাল ডেকে বাসায় ঘুমাচ্ছেন।
বিএনপিসহ চার দলের হরতালের দিনে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন।
পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে সকাল থেকে বিএনপি কিংবা অন্য তিনটি দলের নেতাদের রাজপথে দেখা যায়নি। বিএনপির কেন্দ্রীয় নেতারা নয়া পল্টনে দলীয় কার্যালয়ে থাকলেও সেখানে কোনো মিছিল হয়নি।
বিএনপি নেতারা অভিযোগ করেছেন, পুলিশ তাদের মিছিল করতে দিচ্ছে না।
এ বিষয়ে মায়া বলেন, "বিএনপি নেতারা হরতাল ডেকে ঘুমাচ্ছেন। তাদের ঘুম ভাঙেনি। আর কারো ঘুম ভাঙলেও তারা টেলিভিশন দেখছেন।"
জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে এ হরতাল ডাকা হলেও একে 'অযৌক্তিক' বলে মন্তব্য করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া।
তিনি বলেন, বর্তমান সরকারের চেয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় জ্বালানির দাম বেশি বাড়ানো হয়েছিলো।
মায়াসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়ে রয়েছেন। সেখান থেকে কয়েকদফা হরতালবিরোধী মিছিলও করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২১৪ ঘ.
bdnews24