ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বিএনপি কার্যালয় পুলিশ দিয়ে ঘিরে রাখার সমালোচনা করেছেন দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে রাজপথে নামতে দেওয়া না হলেও দেশবাসী হরতাল পালন করছে বলে দাবি করেছেন তিনি।
জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপিসহ চারদল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরতাল ডেকেছে।
হরতালে কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া না গেলেও পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যে বিএনপি নেতা-কর্মীদের রাজপথে দেখা যায়নি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভোর থেকে ঘিরে রেখেছে পুলিশ। সেখানে র্যাবও রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল সকালে সাংবাদিকদের বলেন, "আমরা অবরুদ্ধ হয়ে আছি। দেখছেন- কীভাবে পুলিশ ঘিরে রেখেছে। কোনো গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলের অফিসে সাধারণ মানুষসহ নেতা-কর্মীদের আসতে না দেওয়ার এমন অবস্থা নেই।"
তবে সারাদেশের মানুষ স্বতস্ফূর্তভাবে শত বাধার মধ্যে হরতাল পালন করছে, বলেন তিনি।
হরতাল ঠেকাতে সরকার মরিয়া বলে দাবি করেন ফখরুল। তিনি বলেন, হরতালের আগেই সারাদেশে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অনেকের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন ব্যবহার করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ হরতাল ডাকা হয়েছে বলে সরকারি দলের নেতাদের এ বক্তব্য নাকচ করে বিএনপির মুখপাত্র বলেন, "ক্ষমতাসীনদের এ অভিযোগ সঠিক নয়। তারা জনগণের সমস্যাকে আড়াল করতে নানা ইস্যু সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল নিয়েছে।"
পুলিশের পাশাপাশি সরকারদলীয় সদস্যরা হরতালকে বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। হরতালে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমেরও সমালোচনা করেন ফখরুল।
সকাল ৮টা থেকে ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির এক দল নেতা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে রয়েছেন।
সেখানে আরো রয়েছেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, বেলাল মাহমুদ।
বিএনপি কার্যালয়ের আশপাশের গলিগুলোতেও পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশের জলকামান ও রায়ট কারও রয়েছে সেখানে। কার্যালয়ের দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
সকাল থেকে নয়া পল্টনের সড়ক পুরো ফাঁকা। অন্য সড়কে গাড়ি চললেও ওই সড়কে যান চলাচল করছে না। তবে কিছু রিকশা চলাচল করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০৯৩৫ ঘ.
bdnews24