২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের ওপর জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের হামলার অভিযোগে সংগঠনটির রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের ওপর জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের হামলার অভিযোগে সংগঠনটির রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। হাটহাজারী অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে থানার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা থেকে ফিরোজ আলমকে (৫৫) গ্রেপ্তার করা হয়। "তার বিরুদ্ধে সোমবার মুরাদপুর এলাকায় পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।" সোমবার বিকালে নগরীর মুরাদপুর মোড়ে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আবদুল মান্নানসহ চার পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় রাতেই নগরীর পাঁচলাইশ থানায় ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন-হাজার জামায়াত-শিবির কর্মীকে আসামি করে মামলা করে পুলিশ। নগর জামায়াতের আমীর মাওলানা শামসুল ইসলাম, সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ শীর্ষ নেতাদের এতে আসামি করা হয়। সোমবার রাত ও মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মামলায় জামায়াত-শিবিরের ৪৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার আবুল কাশেম সাংবাদিকদের বলেন, ওই হামলার ঘটনায় জড়িত ৮০ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/২২৪৯ ঘ.