২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জামায়াতের চাপে খালেদা হরতাল ডেকেছেন'

জামায়াতে ইসলামীর 'চাপে' বিএনপির একটি অংশের 'প্ররোচনায়' বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বৃহস্পতিবার হরতাল ডেকেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর 'চাপে' বিএনপির একটি অংশের 'প্ররোচনায়' বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বৃহস্পতিবার হরতাল ডেকেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে আশরাফ বলেন, "এই হরতালের সাথে বিএনপির স্থায়ী কমিটির কোনো সম্পর্ক নেই। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যও এই হরতাল ডাকার পক্ষে ছিলেন না। জামায়াত ঘরানার বিএনপি সমর্থিত একটি পত্রিকার সম্পাদক পীড়াপীড়ি করে খালেদা জিয়াকে দিয়ে এই হরতাল ডাকিয়েছেন।" স্থায়ী কমিটি ও সহযোগী সংগঠনসহ বিএনপির সব স্তরের নেতা-কর্মীদের বৃহস্পতিবারের হরতাল থেকে বিরত থাকারও আহবান জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। "আপনাদের মতের বাইরে যে হরতাল ডাকা হয়েছে সেটা পালন থেকে বিরত থাকুন। তাহলে দেশ-জাতি উপকৃত হবে। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরানি¦ত হবে।" জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি। চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও একই দাবিতে হরতাল পালনের ঘোষণা দিয়েছে। অবশ্য আওয়ামী লীগ নেতারা বলছেন, গত সোমবার ঢাকা ও চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ এবং গাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার জামায়াত নেতাদের 'রক্ষা' করতেই এই হরতাল ডেকেছে বিএনপি। সোমবার ওই ঘটনার পর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলমসহ দলটির তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটির আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাও বর্তমানে কারাগারে রয়েছেন। যুদ্ধাপরাধের বিচার আওয়ামী লীগের 'নৈতিক দায়িত্ব' উল্লেখ করে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে সবার সহযোগিতা চান আশরাফ। তিনি বলেন, "বিএনপির বেশিরভাগ নেতা-কর্মী যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। বিএনপির সিনিয়র নেতারা জানেন- যুদ্ধারপাধীদের বাঁচাতে তাদের মতের বিরুদ্ধে বৃহস্পতিবার হরতাল ডাকা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২৩৬ ঘ.