২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের মতোই নারায়ণগঞ্জে নির্বাচনের আশা ইসির

চট্টগ্রামের মতো নতুন নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মতো নতুন নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তার সবই আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নেওয়া হবে। নবগঠিত এ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে জানান তিনি। বর্তমান সরকার আমলে গত বছরের মাঝামাঝিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়। এতে বিরোধী দল সমর্থিত প্রার্থী জয়ী হন। একটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারসহ ওই নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো প্রশ্ন কোনো মহল থেকেই ওঠেনি। সাখাওয়াত বলেন, "সিসিসিতে যেমন ভালো নির্বাচন হয়েছে, এ নির্বাচনও তেমন হবে আশা করি। প্রয়োজনে আরো কঠিন হবো আমরা।" নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো কিছু ভোট কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে বলে জানান তিনি। বড় পরিসরে ইভিএম ও প্রার্থীদের ব্যয় তদারকি জোরদারের পরিকল্পনাও রয়েছে ইসির। সাখাওয়াত জানান, অতিরিক্ত জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের জেলা পর্যায়ের কর্মকর্তা নিয়ে ব্যয় তদারকি কমিটি করা হবে। প্রতিদিনের বিশদ হিসাব সাত দিন পর পর ওই কমিটিকে জানাতে হবে প্রার্থীদের। নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডের এক-তৃতীয়াংশে ইভিএম এবং এক চতুর্থাংশে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানান তিনি। ইসি কর্মকর্তারা জানান, মঙ্গলবারের মধ্যে এনসিসি'র তফসিল ঘোষণার পরিকল্পনা নিলেও সব প্রস্তুতি চূড়ান্ত করতে একটু দেরি হচ্ছে। ঢাকা বিভাগীয় উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমানকে এ নির্বাচনের রিটার্রিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬০২ ঘ.