ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। একই দাবিতে হরতাল ডেকেছে তাদের জোটসঙ্গীরাও।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির অন্য দাবির মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও শেয়ারবাজারে অস্থিরতা রোধে পদক্ষেপ গ্রহণ এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দেওয়া।
জোট শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও একই দিনে হরতালের কর্মসূচি দিয়েছে বলে ফখরুল জানান।
হরতালের সমর্থনে বুধবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সোমবার জ্বালানির দাম বৃদ্ধি এবং ঢাকায় জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর রাতে গুলশানে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিরোধীদলীয় নেতা খালেদা। ওই বৈঠকেই হরতালের সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের আমলে এটি বিএনপির ডাকা সপ্তম হরতাল।
সর্বশেষ গত ৬, ৭ ও ৮ জুলাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।
২০০৯ সালের জানুয়ারিতে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার দেড় বছর পর ২০১০ সালের ২৭ জুন প্রথম হরতাল ডাকে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২১৭ ঘ.
bdnews24