২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-পুলিশ সংঘর্ষ, ১৫ গাড়িতে আগুন

রাজধানীর বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টিতে আগুন এবং ২৫টি গাড়ি ভাঙচুর করে জামায়াত কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টিতে আগুন এবং ২৫টি গাড়ি ভাঙচুর করে জামায়াত কর্মীরা। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে ৬৭ জনকে। এর মধ্যে পল্টন থানা পুলিশ ৪৪ জনকে, রমনা থানা পুলিশ এক জন এবং শাহবাগ থানা পুলিশ বাকি ৮ জনকে গ্রেপ্তার করেছে। পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর এলাকায় জামায়াত কর্মীরা পুলিশের প্রিজন ভ্যান ও দুটি মটর সাইকেলসহ বাস, প্রাইভেট কার, পিকআপসহ আন্তত ১৫টি গাড়িতে আগুন দেয়। এ ছাড়া তারা রাস্তায় চলাচলরত বেশ কয়েকটি গাড়ি ছাড়াও আশেপাশের ভবনের কাঁচ ভাঙচুর এবং ফুটপাতের রেলিং ভেঙে ফেলে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ টিয়ারসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষ বিজয়নগর-কাকরাইল হয়ে শান্তিনগর এবং কাকরাইল থেকে মৎস্যভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা অলিগলি থেকে পুলিশের উপর চোরাগুপ্তা হামলা চালাতে থাকে। পুলিশ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতকর্মীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের কারণে ওইসব এলাকায় যান চলাচল এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে যানচলাচল শুরু হয়। পরিস্থিতি শান্ত হলে পুলিশ ইসলামী ব্যাংক হাসপাতালসহ আশেপাশের ভবনগুলোতে ব্যাপক তল্লাশি শুরু করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। এদিকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিবাগ মোড় থেকে সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ফেরার পথে পুলিশ সদস্য জনতার ওপর হামলা চালায় এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় জনতা পুলিশি বাধার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এরই এক পর্যায়ে পুলিশের সঙ্গে 'জনতার' ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। এতে বলা হয়, পুলিশের পিটুনিতে অন্তত ৩০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। পুলিশ জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমকে/এআরআর/এএল/২০২৪ ঘ.