দুবাই, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনসহ কয়েকটি বৈঠক ও আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের পথে শনিবার মধ্যরাতে দুবাই পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল কাউনাইন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দুবাই বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
আটঘণ্টা যাত্রা বিরতির পর রোববার দুবাই থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের।
শনিবার রাত ৯টা ৪৪ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের পথে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার দুপুরে তার জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
শেখ হাসিনা ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি তিনি বিভিন্ন সেমিনার, উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৪৯ ঘ.
bdnews24