ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ 'অগণতান্ত্রিক সামরিক সরকারের প্রধান পৃষ্ঠপোষক' বলে মন্তব্য করেছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা।
আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ বিরোধী জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ লাগাতার ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
"আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তাদের চেষ্টা থাকে সামরিক শাসন আনার," এ মন্তব্য করে তিনি বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেন, "তারা বলেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকার তাদের আন্দোলনের ফসল। তার মানে দাঁড়ায়, তারা আন্দোলন করেছিলেন একটি অবৈধ অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় বসানোর জন্য।"
জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভা আয়োজন করে।
এইচ এম এরশাদের শাসনামলে ১৯৮৬ সালে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
স¤প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮২১ জন কর্মকর্তা-কর্মচারী ছাটাই প্রসঙ্গে সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, "এটা উচিত নয়। যারা নিয়োগ দিয়েছিলো তাদের বিচার না করে নিয়োগপ্রাপ্তদের ছাটাই করা হলো কেন?"
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়ে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যে আদালত অবমাননা হয়েছে- আইনমন্ত্রীর এ মন্তব্যের সমালোচনা করেন নজরুল ইসলাম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/পিডি/১৯৪৩ ঘ.
bdnews24