ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত সময় শেষ হওয়ার দুই দিন আগে দলের আয়-ব্যয়ের বার্ষিক হিসাব নির্বাচন কমিশনকে (ইসি) দিয়েছে বিএনপি।
দলের আয়-ব্যয়ের তথ্য সাংবাদিকদের জানাতে সম্মত না হয়ে রিজভী বলেছেন, "নির্বাচন কমিশনের পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এ প্রতিবেদনের বিষয়ে আমরা কিছু জানাতে পারবো।"
কমিশন সচিব মোহাম্মদ সাদিকের কাছে মঙ্গলবার বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ২০১০ সালের এ প্রতিবেদন হস্তান্তর করেন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "সময় মেনে নির্ধারিত সময়ে হিসাব জমা দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক উন্নয়ন।"
যথাসময়ে বাকি দলগুলোকেও অডিট রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল গত ৩১ জুলাই। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২১টি দল হিসাব জমা দেয়।
বিএনপিসহ ১৬টি দল সময় বাড়ানোর আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে এবার হিসাব জমা দেওয়ার সময় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ায় ইসি।
রাজনৈতিক দলগুলোর ভেতরে আর্থিক স্বচ্ছতা আনতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
পরপর দুই বার হিসাব দাখিলে ব্যর্থ হলে দলের নিবন্ধন বাতিলেরও বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯০০ ঘ.
bdnews24