২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কারামুক্তি দিবসে চট্টগ্রামে শোভাযাত্রা

দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি। বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার নেতা-কর্মীরা রোববার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করে। এতে থানা ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করতে তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছিলো। ওই সরকার বাংলাদেশকে বিদেশিদের তাঁবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিলো। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হয়েছিলেন খালেদা। প্রায় এক বছর পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। ওই সময়ে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাও গ্রেপ্তার হয়েছিলেন। খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ান বক্তব্য দেন। সমাবেশ শেষে বের হওয়া শোভাযাত্রা নাসিমন ভবন থেকে শুরু হয়ে এনায়েত বাজার, আমতল, নিউ মার্কেট হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এমআই/২০২৩ ঘ.