ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়ে খালেদা জিয়ার বক্তব্য 'রাজনৈতিক' দাবি করে তা নিয়ে আদালতে যাওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
রোববার দুপুরে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) গণঅনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এ মন্তব্য করেন।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতা গত ৩১ অগাস্ট বলেন, তৎকালীন প্রধান বিচারপতি টাকার বিনিময়ে এ রায় দিয়েছেন।
এ নিয়ে মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। ওই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেও আহ্বান জানানো হয় বিরোধীদলীয় নেতার প্রতি।
সর্বশেষ শনিবার আইনমন্ত্রী শফিক আহমেদ ওই বক্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন।
আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে নজরুল বলেন, "খালেদা জিয়ার বক্তব্যকে আদালত অবমাননা বলে দিয়ে আইনমন্ত্রী নিজেই বিচারপতির মতো রায় দিয়েছেন। এটা অনৈতিক।"
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এনপিপি'র উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ গণঅনশন করা হয়। দলটির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদসহ নেতাকর্মীরা এতে অংশ নেন। দুপুর ২টায় পানি পান করিয়ে অনশন ভাঙান নজরুল ইসলাম খান।
দ্রব্যমূল্যের উধ্বগতি, আইনশৃঙ্খলা অবণতি, বিদ্যুৎ-গ্যাস-পানি সংকট, সড়কের দুরবস্থা, শেয়ারবাজার কারসাজির প্রতিবাদে এবং অযোগ্য মন্ত্রীদের পদত্যাগের দাবিতে এ অনশনের কর্মসূচি পালন করা হয়।
নজরুল বলেন, "খালেদা জিয়ার বক্তব্যকে আইনমন্ত্রী বলছেন- আদালত অবমাননা। তাহলে অতীতেও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে আওয়ামী লীগের নেতা-নেত্রীরা বেঈমান বলেছিলেন, তাতে কি আদালত অবমাননা হয়নি।"
"সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের বিরুদ্ধে নানা ব্যঙ্গ-বিদ্রুপাত্মক বক্তব্য রাখা হয়েছিলো- তা কি আদালত অবমাননার শামিল নয়", যোগ করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে সরকারের কোনো অর্জন নেই- এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, "কূটনৈতিক ব্যর্থতার কারণে এটি হয়েছে। এখন সরকারের মন্ত্রীরা বলছেন, তিস্তা পানি বণ্টন চুক্তি হয়নি বলে ট্রানজিট দেওয়া হয়নি। এটা প্রতারণামূলক।"
জাতীয়তাবাদী দেশপ্রেমিক ইসলামী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও জানান তিনি।
অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি মহাসচিব শামীম আল মামুন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ সভাপতি শেখ আনোয়ারুল হক, লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মীর মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহ, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭০৪ ঘ.
bdnews24