ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার বিকালে শোভাযাত্রা বের করেছে বিএনপি সমর্থক ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শোভাযাত্রা বের হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, "বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য এক-এগারো সৃষ্টি করা হয়েছিলো। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমানের অনমনীয় মনোভাবের কারণে তাদের ষড়যন্ত্র সফল হয়নি।''
তারেক রহমানের কারামুক্তির তৃতীয় বার্ষিকী উপলক্ষে ছাত্র দল এই শোভাযাত্রা বের করে। ছাত্র দলের উত্তর, দক্ষিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। পুলিশ পাহারায় শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান সর্বোচ্চ আদালত থেকে জামিনে মুক্ত পান। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুইদিন চিকিৎসা নেওয়ার পর ৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৩ মার্চ যৌথ বাহিনীর তারেককে গ্রেপ্তার করে।
ছাত্রদলের নেতা-কর্মীদের সরকার বিরোধী আন্দোলন সফল করতে প্রস্তুতি নেয়ার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম।
ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন আহমেদ টুকুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম প্রমুখ বক্তব্য রাখেন।
এতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/২১৩৬ ঘ.
bdnews24