২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুয়েকদিনের মধ্যে কর্মসূচি: মির্জা ফখরুল

শরিক ও সমমনা দলের সঙ্গে আলোচনা করে দুয়েকদিনের মধ্যে বিএনপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরিক ও সমমনা দলের সঙ্গে আলোচনা করে দুয়েকদিনের মধ্যে বিএনপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিঙে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন বিএনপি ও দেশের জনগণ মেনে নেবে না। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।" কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যেই কর্মসূচি জানানো হবে। গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। রাত পৌনে ৯টা থেকে শুরু করে দুই ঘণ্টা স্থায়ী বৈঠকে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলার অবণতি, সড়ক অবকাঠামো সংস্কার ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রীর সফর নিয়ে বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "বলা হয়েছিলো- তিস্তা ও ফেনী নদীর পানি বন্টন চুক্তি হবে। কিন্তু হয়নি। "এখন বলা হচ্ছে- তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি ভারত করেনি বলে বাংলাদেশও ট্রানজিট চুক্তি করেনি। এটা জনগণের সঙ্গে একটি প্রতারণা। দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতির ৪১ ধারায় করিডোর দিয়ে দেওয়া হয়েছে।" স্থায়ী কমিটির এই বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয় গত ৬ সেপ্টেম্বর। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নির্ধারণে ওই বৈঠক ডেকেছিলেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩২২ ঘ.