২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আহম্মেদের মৃত্যু ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চলছে'

'লাশের রাজনীতির' কথা বলে অ্যাটর্নি জেনারেলসহ ক্ষমতাসীনরা অ্যাডভোকেট এম ইউ আহম্মেদের মৃত্যুর ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'লাশের রাজনীতির' কথা বলে অ্যাটর্নি জেনারেলসহ ক্ষমতাসীনরা অ্যাডভোকেট এম ইউ আহম্মেদের মৃত্যুর ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "ওই মৃত্যুকে নিয়ে অ্যাটর্নি জেনারেল যে অভিযোগ তুলেছেন তা মিথ্যাচার। অতীতের ইতিহাস উল্টালে দেখা যাবে, লাশ নিয়ে রাজনীতি আওয়ামী লীগই করেছে। বিএনপি কখনো লাশের রাজনীতি করে না।" একই সঙ্গে সরকারের অপশাসন থেকে মুক্তি পেতে জনগণকে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ারও আহবান জানান ফখরুল। ইস্কাটনে সরকারি বাসায় করা সংবাদ সম্মেলনে শনিবার সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, "লাশের রাজনীতি করার জন্যই বিএনপি সমর্থক আইনজীবীরা পুলিশি নির্যাতনের অভিযোগ তুলেছে।" রোববার কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে বিএনপির সমমনা ১০টি সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় মির্জা ফখরুল বলেন, "২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আওয়ামী লীগ লগি-বৈঠার রাজনীতি করে কয়েকজন মানুষকে পিটিয়ে হত্যা করেছিলো। ক্ষমতায় আসার পর তারা নাটোরে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুকে প্রকাশ্যে পিটিয়ে মেরেছে। এভাবেই আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে আসছে।" অ্যাডভোকেট এম ইউ আহম্মেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিলো- উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "হাইকোর্টের আদালতের ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন না। নিজের গাড়ির ফিটনেস প্রতিবেদনের আনতে মুন্সীগঞ্জে ছিলেন। অথচ তার বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।" "অ্যাডভোকেট এম ইউ আহম্মেদের স্ত্রী বলেছেন, তার স্বামীকে গ্রেপ্তারের সময় মারতে মারতে ডিবি পুলিশ গাড়িতে উঠিয়েছে। ডিবি কার্যালয়ে নিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। ইলেক্ট্রিক শক দেওয়া হয়েছে। পুলিশি হেফাজতে নির্যাতনে তার মৃত্যু হয়েছে।" আদালতে হট্টগোলের মামলায় গত ১১ অগাস্ট বিএনপি সমর্থক আইনজীবী এম ইউ আহম্মেদকে তার সেগুনবাগিচার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার এই আইনজীবী মারা যান। তার স্ত্রী সেলিনা আহম্মেদ এবং বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আহম্মেদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলে আসছে, গ্রেপ্তারের পরপরই এই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছিল। 'বর্তমান প্রেক্ষাপটে আইনের শাসন, মানবাধিকার এবং গণতন্ত্র' শিরোনামের আলোচনা সভা ও ইফতারে মির্জা ফখরুল অভিযোগ করেন, "জনগণের মৌলিক অধিকার হরণ করে তারা দেশকে একদলীয়ভাবে শাসন করছে।" জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জাতীয় নাগরিক সংসদ, সাংস্কৃতিক একাডেমী, প্রজন্ম একাডেমী, স্বাধীনতা ফোরাম, ভয়েজ অব বাংলাদেশ, উন্মুক্ত গণতান্ত্রিক ফোরাম, জাগ্রত জনতা ফোরাম, সচেতন যুব সমাজ ও ইয়থ ফোরাম নামের ১০টি সংগঠন এ অনুষ্ঠান আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৫৮ ঘ.