মাগুরা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষের পিটুনিতে শনিবার গুরুতর জখম হয়েছেন মাগুরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ।
সন্ধ্যায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা জজ আদালতের এপিপি হারুন-অর-রশিদ জানান, শ্রীপুর উপজেলার কাজলী ইউনিয়ন আওয়ামী লীগ স্থানীয় একটি স্কুল মাঠে বিকেলে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করে।
মিলাদে খাবারের প্যাকেট নিয়ে দলের কয়েকজন সদস্যের মধ্যে কথা কাটাকটি হয়।
এর কিছুক্ষণ পর তিনি অনুষ্ঠান থেকে বের হয়ে স্থানীয় কাজলি বাজারে যাওয়ার সময় দলের ৫/৬ জন যুবক তাকে লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে। এতে তার বাম হাত ভেঙে যায়।
পরে স্থানীয়রা তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।
শ্রীপুর থানার ওসি কাজী আব্দুস সালেক জানান, ঘটনার জন্য দায়ীদের ধরার চেষ্টা চলছে। এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৭ ঘ.
bdnews24