চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাষ্ট্রীয় সন্ত্রাস ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে ১৮ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করবে বিএনপি।
চট্টগ্রাম নগর বিএনপি রোববার নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত এ মানববন্ধনের আয়োজন করেছে।
দুপুর ২টা থেকে ১৫ মিনিটব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে জানান নগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগর কমিটি ছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন।
বর্তমান মহাজোট সরকারের অসহনীয় নির্যাতন এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ জনগণও স্বত:স্ফূর্তভাবে অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২০৪৭ ঘ.
bdnews24