ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে বিশৃঙ্খলার জন্য সরকারকে দায়ী করে বিএনপি বলছে, রাষ্ট্র এখন 'দানব' সরকারের হাতে।
শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কর্মশালায় বলেন, "আমরা এক দানব সরকারের হাতে পড়েছি। গোটা রাষ্ট্র তারা গিলে ফেলেছে। আদালতের নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। দেশ যেমন খুশি তেমন ভাবে চলছে।"
এ অবস্থা থেকে পাল্টাতে সরকার হটানোর আন্দোলনে দলীয় নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের বর্তমান অবস্থাকে 'ক্রান্তিকাল' অভিহিত করে ফখরুল বলেন, "আমরা দুঃসময় অতিক্রান্ত করছি। আমাদের এখন উঠে দাঁড়াতে হবে। গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামে সম্পৃক্ত হতে হবে।"
রাজধানীর নয়া পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে 'বিএনপি: সমুজ্জ্বল অতীত, সম্ভাবনাময় ভবিষ্যৎ ও বর্তমান বাস্তবতা' শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন ফখরুল। দিনব্যাপী কর্মশালায় মহানগরের দেড় শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছে।
কর্মশালায় সাতটি পর্বে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, অর্থনীতি, কৃষি ও পল্লী উন্নয়ন, গণমাধ্যম, রাজনৈতিক সহনশীলতা ও সুস্থ রাজনীতি ও গণতন্ত্রের অতীত, বর্তমান ও ভবিষ্য বিষয়ে বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। তারা প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় 'সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা ও শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন' বিষয়ের ওপর আলোচনা। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।
কর্মশালার উদ্যোগের প্রশংসা করে ফখরুল এ ধরনের কার্যক্রম ওয়ার্ড ও থানা পর্যায় করারও পরামর্শ দেন।
বিকালে কর্মশালায় অংশগ্রহনকারী প্রতিনিধিদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করবেন মহানগর আহ্বায়ক ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪২০ ঘ.
bdnews24