২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতি আশ্চর্য হয়েছেন: মাহবুব

প্রধান বিচারপতি সুুপ্রিম কোর্ট থেকে নিজস্ব নিরাপত্তার প্রয়োজনের বাইরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্যদের প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি সুুপ্রিম কোর্ট থেকে নিজস্ব নিরাপত্তার প্রয়োজনের বাইরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্যদের প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে সাক্ষাতের পর তার বাসভবন থেকে বেরিয়ে এসে মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, "আমরা তাকে পুরো ঘটনা খুলে বলেছি। সুপ্রিম কোর্ট অঙ্গনে পুলিশ ও গোয়েন্দা সংস্থার উপস্থিতির কথা জেনে তিনি আশ্চর্য হয়েছেন।" বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব দাবি করেন, "তিনি (প্রধান বিচারপতি) সুপ্রিম কোর্টের নিজস্ব নিরাপত্তার অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহারের বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। তার কথা শুনে আমাদের মনে হয়েছে, এই আশ্বাস তাৎক্ষণিক কার্যকর হবে।" হাইকোর্টের এজলাসে মঙ্গলবার হট্টগোলের ঘটনায় বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা এবং তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তারের ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রধান বিচারপতির কাছে এই দাবি নিয়ে যান খন্দকার মাহবুব। সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি হয় মঙ্গলবার। ওই শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে সেদিনই মামলা করে পুলিশ। এই আইনজীবীদের পক্ষে বৃহস্পতিবার হাইকোর্টে জামিন চাওয়া হলে একটি বেঞ্চ জামিন আবেদনের শুনানিতে বিব্রত বোধ করে। এর কয়েক ঘণ্টার মধ্যে পাপিয়াসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক এস এম জলিলের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে তিনি মামলার তদন্তের কাজে হাইকোর্টের এনেক্স ভবনে গেলে বিরোধী দল সমর্থক আইনজীবীরা তাকে নাজেহাল করেন। এ ঘটনায় রাতেই হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৯ আইনজীবীসহ ১৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন জলিল। খন্দকার মাহবুব জানান, গ্রেপ্তার আইনজীবীদের জামিনের জন্য তারা বিশেষ বেঞ্চ গঠনের আবেদন করতে চেয়েছিলেন। কিন্তু প্রধান বিচারপতির আশ্বাস পাওয়ার পর এখন আর সেই আবেদন করা হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২০৫৪ ঘ.