পঞ্চগড়, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে ছাত্রদলের নতুন জেলা কমিটির বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভকালে তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমের কুশপুত্তলিকা দাহ করে।
পঞ্চগড়ে ছাত্রদলের কর্মকাণ্ড নয় বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছিলো। গত ১২ মে সম্মেলনের উদ্যোগ নেয়া হলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় তা স্থগিত হয়ে যায়।
ছাত্রদলের বিক্ষোভকারী নেতারা জানান, সোমবার আবু আনছার বাবুকে সভাপতি ও হারুন অর রশিদ হারুনকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের ছাত্রদলের জেলা কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি।
এই কমিটিতে তৃণমূল ও যোগ্য নেতা-কর্মীদের স্থান না হওয়ায় তারা ও তাদের সমর্থকরা শহরের বানিয়াপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌড়ঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল নেতা আরিফ হাসান, তোবারক হোসেন বিল্টু, রাশেদুল ইসলাম রাশেদ, ইনসান সাগরেদ, কাওছার হানিফা আদেল, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম দীপু প্রমুখ বক্তব্য রাখেন।
তারা নবগঠিত কমিটিকে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের পকেট কমিটি বলে অভিহিত করে বলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি অনুমোদন করেছেন আলিম।
পরে সেখানে বিক্ষুদ্ধরা জমিরউদ্দীন সরকার ও আলিমের কুশপুত্তলিকা দাহ করে।
জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আবু আনছার বাবু ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকল প্রক্রিয়া মেনেই কমিটি অনুমোদন হয়েছে।
তিনি অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন ও সহ-সভাপতি তৌহিদুল ইসলামের প্রত্যক্ষ মদদে কিছু নেতা-কর্মী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
জেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, শুনেছি অধিকাংশ ত্যাগী নেতা-কর্মীকে বাইরে রেখে ছাত্রদলের কমিটি করা হয়েছে। এজন্য স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষুব্ধরা বিক্ষোভ করতে পারে। তিনি বলেন, এ বিষয়ে তিনি এর বেশি কিছু জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৫৭ ঘ.
bdnews24